ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইসিসি কখনোই বলেনি, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে : বিসিবি সভাপতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১১:২৭ এএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, আইসিসি কখনোই বলেনি, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে এ মন্তব্য করেন তিনি।

এর আগে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, আইসিসি বাংলাদেশের দাবি মানছে না। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে নতুবা পয়েন্ট কর্তন হবে; এমনটা নাকি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা, ক্রিকইনফো যে নিউজ করেছে, সেটি কি সত্যি? বাংলাদেশ কি তবে বিশ্বকাপ খেলতে যাবে না?

এই খবরের সত্যটা জানতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তত পাঁচজন পরিচালক ও বিসিবি সিইওর সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবাই একই রকম কথা বলেছেন যে, আমাদের সঙ্গে সে অর্থে আইসিসির এ বিষয়ে কোনো কথা হয়নি।

বিসিবি সভাপতি বুধবার (৭ জানুয়ারি) সকালে বলেন, ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনোই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।

বুলবুল নিজে যেহেতু আইসিসিতে ছিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেই তার সম্পর্ক আছে। সে কথায় না গিয়ে আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার বলেন, আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কেন ভারতে যাব না? আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এ কারণে ভারতে যাব না।

তারপরও আইসিসি আমাদের কাছে আরেকবার গতকাল রাতে বিসিবির কী কী নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে, না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা’—দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন বিসিবি সভাপতি।