ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ম্যাচ চলাকালীন ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের ঘরোয়া ক্রিকেটে নেমেছে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মিজোরামের সাবেক ক্রিকেটার কে লালরেমরুয়াতা। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৮ বছর।

বিসিসিআই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘মিজোরামের ক্রিকেটার কে লালরেমরুয়াতার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি মিজোরামের প্রতিনিধিত্ব করেছেন। এই কঠিন সময়ে বিসিসিআই তার পরিবারের পাশে রয়েছে।’

লালরেমরুয়াতা মিজোরামের স্থানীয় ‘খালিদ মেমোরিয়াল’ দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টে ভেঙ্গুয়াই রাইডার সিসির হয়ে খেলছিলেন।

চাওয়নপুই ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি। সতীর্থ ও আয়োজকরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিজোরাম (সিএএম) এই ঘটনার পর ৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।

লালরেমরুয়াতা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। তিনি ক্যারিয়ারে দুটি রঞ্জি ট্রফি এবং সাতটি সৈয়দ মুস্তাক আলি ট্রফি ম্যাচ খেলেছেন।