ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতের বাইরে হলে খেলতে প্রস্তুত আমরা : আসিফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:০৫ পিএম
আসিফ আকবর। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে নিজেদের অবস্থানে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের ভেতরে কোনো ভেন্যুতেই খেলতে চায় না বাংলাদেশ। তবে ম্যাচ যদি ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজন করা হয়, সেখানে খেলতে আপত্তি নেই—ভেন্যু যত ঠান্ডাই হোক না কেন।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তন হলেও সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ভারতের বাইরে হলে যেকোনো জায়গায় খেলতে আমরা প্রস্তুত। প্রয়োজনে সাইবেরিয়ার মতো ঠান্ডা জায়গায় হলেও খেলব, কিন্তু ভারতের ভেতরে নয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানসহ কয়েকটি দেশ বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে আসিফ আকবর জানান, আবেগ নয়—নিরাপত্তা ও নীতিগত সিদ্ধান্তই বিসিবির প্রধান বিবেচ্য। খেলোয়াড়, দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বোর্ড সভাপতি আগেও যা বলেছেন, আমিও সেটাই বলছি—ভারতের ভেতরে ভেন্যু বদলালেও সেটা ভারতের মধ্যেই পড়ে। এই অবস্থান থেকে আমরা সরে আসছি না।

আসিফ আকবর বলেন, বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের আজীবনের স্বপ্ন। তারা যেন মানসিক অনিশ্চয়তায় না ভোগে, সেটাও আমাদের ভাবনায় আছে। যুক্তির ভিত্তিতে আমরা একটি গ্রহণযোগ্য ভেন্যু পাব বলে আশাবাদী।