আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। নিরাপত্তা ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় থেকে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা খেলতে আগ্রহী নয়। প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে বোর্ড।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে বিসিবির শীর্ষ কর্তারা এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলামসহ বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল নিরাপত্তা।
বিসিবি স্পষ্টভাবে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বোর্ড উদ্বিগ্ন। এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধটি আবারও করা হয়েছে।
জানা যায়, আইসিসি সূচি পরিবর্তনের জটিলতার কথা বললেও বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।
বৈঠক শেষে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভ আছি, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। আইসিসি বিকল্প খুঁজছে এবং আলোচনার পথ এখনো খোলা আছে।’


