আইপিএলের মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে শেষ পর্যন্ত তাকে টুর্নামেন্টে অংশ নিতে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টিকে 'দুঃখজনক' ও 'হতাশাজনক' হিসেবে বর্ণনা করেছেন সাকিব আল হাসান।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, যে দেশে টুর্নামেন্ট হয়, সেই দেশের নিয়মই সেখানে চলে। বিসিসিআই চাইলে যেকোনো সময় নিয়ম পরিবর্তন করতে পারে, যা চুক্তিতেও উল্লেখ থাকে। তাই এ বিষয়ে মুস্তাফিজ, বিসিবি এমনকি আইসিসিরও কিছু করার নেই।
সাকিব আরও বলেন, বিসিসিআই চাইলে পুরো বিষয়টি আরও সুষ্ঠু ও সুন্দরভাবে সামাল দিতে পারত। কেন তারা এমন সিদ্ধান্ত নিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মুস্তাফিজের এ ঘটনাকে অনেকেই মেলাচ্ছেন আইপিএলে সাকিবের ঘটনার সঙ্গে। ২০২৩ সালে সাকিবও নাম লেখান কলকাতায়। তবে দেড় কোটি টাকায় দল পেলেও টুর্নামেন্ট শুরুর আগে তার বদলে নেওয়া হয় আরও এক ক্রিকেটারকে। সাকিবের দাবি, পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়া থেকেই ওই সিদ্ধান্ত এসেছিল।
সাকিব বলেন, ‘মাঝপথে কোনো খেলোয়াড় চলে গেলে বা কয়েক ম্যাচের জন্য না থাকলে দলের ভারসাম্য নষ্ট হয়। আইপিএলের মতো বড় আসরে বদলি খেলোয়াড় খুঁজে নেওয়া বেশ কঠিন।’ কেকেআরের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় এবং নিজে পুরো সময় খেলতে পারবেন না জেনেই তিনি সেবার স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন বলে জানান।


