একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম তোপের মুখে পড়েছেন। তার পদত্যাগের দাবি জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), এমনকি খেলাবয়কটও করে সংগঠনটি।
বিসিবি’র এই পরিচালক কি পদত্যাগ করবেন নাকি করবেন না, তা এখন সর্বসাধারণের আগ্রহের বিষয়। তবে বিসিবি’র নিয়ম অনুযায়ী কোনো পরিচালককে নিজের ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগে বাধ্য করার এখতিয়ার বোর্ডের নেই।
বোর্ডের নিয়মে বলা আছে, একজন পরিচালক তখনই পদত্যাগ করবেন বা পদশূন্য হবেন যখন তিনি মারা যান, নিজে থেকে পদত্যাগ করেন, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, শৃঙ্খলাজনিত শাস্তি পান, দীর্ঘ অসুস্থতা ভোগ করেন, বিদেশে যান, পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকেন অথবা অন্য কোনো ফেডারেশনের পদে আসীন থাকেন।
এম নাজমুল ইসলাম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে উল্লেখ করেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
এছাড়া তিনি বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা ম্যাচ ফি পায়, বোর্ডের লাভ-ক্ষতি এখানে নেই।’
তার এমন মন্তব্যের পর কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জুম মিটিংয়ে জানিয়েছেন, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ চাইছি।
যদি এম নাজমুল আগামীকাল (আজ বৃহস্পতিবার) বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলা হবে না।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন