ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাজমুল ইসলামকে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৪:২৫ পিএম
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবির এক জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। 

এর আগে, তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা মাঠে নামবেন না বলেও জানায় তারা।

বৃহস্পতিবার  রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা অসহায় হয়ে এ অবস্থানে যেতে বাধ্য হয়েছি। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। সেই সীমা লঙ্ঘন করা হয়েছে। পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে।’

মিঠুন অভিযোগ করে বলেন, ‘উনি প্রতিটি সেক্টরকে অপমান করেছেন। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। আইসিসি ট্রফি জয় থেকে শুরু করে বিশ্বকাপে খেলার মূল্য—কোনো কিছুরই মর্যাদা তার কথায় পাওয়া যায়নি।’

জাতীয় দলের অধিনায়ক মিরাজ বলেন, “আমরা সবসময় বলি, বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক। মিরাজ পরে বলেন প্রায়ই শুনতে হয়, ‘আমাদের টাকায়ই তো তোমরা চলছ।’ কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল।”