নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার (২১ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার হাই-ভোল্টেজ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।
তবে মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের চাপমুক্ত রাখতে কিছুটা ভিন্ন পথে হাঁটল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচের আগে বিদর্ভের গভীর জঙ্গলে সাফারি উপভোগ করতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের।
সম্প্রতি উইকেটকিপার-ব্যাটার সাঞ্জু স্যামসন তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা গেছে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, ইশান কিশান, রবি বিষ্ণোই এবং রিঙ্কু সিং একটি খোলা জিপে করে টাইগার রিজার্ভ ঘুরে বেড়াচ্ছেন।
অনুশীলনের চাপ সরিয়ে বন্য প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালেন তারা। ভিডিওতে ক্রিকেটারদের রিফ্রেশমেন্টের জন্য বিরতি নিতে এবং রাতে হোটেলের সামনে ‘বোনফায়ার’ বা অগ্নিকুণ্ড ঘিরে আড্ডা দিতেও দেখা গেছে।
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। তাই এই সিরিজটি ভারতের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টি-২০ ফরম্যাটে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের যাত্রা এখন পর্যন্ত বেশ ভালো।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড রয়েছে তার ঝুলিতে। এবার কিউইদের হারিয়ে সেই ধারা বজায় রাখাই তার প্রধান লক্ষ্য।


