ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৪:৫৯ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিরাপত্তাশঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ। আজ (২২ জানুয়ারি) বিকেলে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি এই সিদ্ধান্ত নেন।

বৈঠকে সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে তিনি বলেছেন, তারা সুবিচার করবে বলে আশা করছিলেন।

আজ বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেছেন তিনি।

এর আগে, গতকাল বুধবার (২১ জানুয়ারি) এক জরুরি ভার্চুয়াল সভা শেষে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে—বাংলাদেশ যদি সিদ্ধান্ত না বদলায়, তবে তাদের ছাড়াই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দশম আসর।

আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি বা ভেন্যু কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত টুর্নামেন্ট বয়কট করে, তবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত করার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে সংস্থাটি। 

সভায় ১৬ জন বোর্ড পরিচালকের মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সব সদস্যই বিসিবির দাবির বিপক্ষে এবং আইসিসির অনড় অবস্থানের পক্ষে ভোট দিয়েছেন।