ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিপিএলের মেগা ফাইনাল কাল, ট্রফি ঘিরে থাকছে চমক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর পর্দা নামতে যাচ্ছে আগামীকাল। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই মহারণকে ঘিরে এখন টানটান উত্তেজনা তুঙ্গে।

মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের আসরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিপিএলের নতুন ট্রফিটি। দুবাই থেকে বিশেষ অর্ডারে তৈরি করে আনা এই ডায়মন্ড-খচিত ট্রফিটির পেছনে বিসিবি খরচ করেছে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা)।

টুর্নামেন্ট জুড়ে এই ট্রফিটি আড়ালে রাখা হলেও ফাইনালের দিন বিকেল ৪টায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এটি জনসম্মুখে উন্মোচন করা হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, ট্রফি উন্মোচনের সময় থাকছে বিশেষ এক ‘চমক’, যা আগে থেকে প্রকাশ করতে নারাজ আয়োজকরা।

বিগত বছরগুলোর মতো এবার সমাপনী অনুষ্ঠানে বড় কোনো কনসার্ট বা নামী শিল্পীদের পারফরম্যান্স থাকছে না। তবে দর্শকদের বিনোদনের জন্য থাকছে বর্ণিল আতশবাজি এবং আধুনিক লেজার শো। 

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় আকাশ রাঙাবে আতশবাজির রোশনাই।