ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইসিসিকে দেওয়া বিসিবির নতুন চিঠিতে কী লেখা ছিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট জানিয়েছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে না।

এর আগে গত ২১ জানুয়ারি আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই ম্যাচ খেলতে হবে এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। এ সিদ্ধান্তের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য আইসিসির কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আমাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তনের সুযোগ নেই। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই বিবেচনায় বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।

এরপর নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে আবারও ইমেইলের মাধ্যমে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। চিঠিতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। 

আন্তর্জাতিক ক্রিকেটে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির দায়িত্বে থাকা এই কমিটির মাধ্যমেই বিষয়টির সুষ্ঠু সমাধান আশা করছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি বিষয়টি বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইসিসির পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)ও এখন পর্যন্ত নীরব অবস্থান বজায় রেখেছে।