দেশের ক্রিকেট যখন নানা সংকট ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে, ঠিক সেই সময় গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের একাধিক গণমাধ্যম ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার (২৫ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়ানওয়ে টিকিটে অস্ট্রেলিয়ার একটি ফ্লাইটে ওঠেন বিসিবি সভাপতি। এর আগে সন্ধ্যা থেকেই ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তিনি রাতে দেশ ছাড়তে পারেন।
বিষয়টি প্রথমে তিনি নিজেই অস্বীকার করেন। গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল বলেন, তিনি সারাদিন বোর্ড অফিসেই ব্যস্ত ছিলেন এবং বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই পরিস্থিতি বদলে যায়। বিমানবন্দর সূত্রের বরাতে প্রকাশিত খবরে জানানো হয়, রোববার রাতেই তিনি ঢাকা ত্যাগ করেছেন।
এদিকে দেশের ক্রিকেট এই মুহূর্তে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের অংশগ্রহণ, বোর্ড পরিচালকদের পদত্যাগ—সব মিলিয়ে বিসিবির প্রশাসনিক কাঠামো নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আমিনুল ইসলাম বুলবুল নিয়মিত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যান। এবারের সফরও সেই ধারাবাহিকতার অংশ হতে পারে। তবে চলমান সংকটের মধ্যে সভাপতির এই আকস্মিক বিদেশযাত্রা এবং আগে অস্বীকারের বিষয়টি বিসিবির নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সভাপতির অনুপস্থিতিতে বোর্ডের কার্যক্রম কীভাবে চলবে এবং এই সফরের প্রভাব কতটা পড়বে, সেদিকেই এখন নজর দেশের ক্রিকেট-সংশ্লিষ্টদের।

