ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশেই আছেন বিসিবি সভাপতি বুলবুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১২:২০ পিএম
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেনএমন গুঞ্জন গত রাত থেকে ছড়িয়ে পড়ে। তবে আমিনুল ইসলামের দেশত্যাগের গুঞ্জন যে সঠিক নয়, তা নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) গুঞ্জন খণ্ডন করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সদর দপ্তর মিরপুরে দেখা গেছে। মিরপুর মাঠ পরিদর্শনও করেছেন তিনি।

রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, বুলবুল নাকি মধ্যরাতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং দেশে ফেরার কোনো নির্দিষ্ট টিকিটও কাটেননি। তবে বোর্ড-সংশ্লিষ্ট একাধিক সূত্র তখনই দাবিটি নাকচ করে।

তারা জানায়, বিসিবি সভাপতি দেশের বাইরে যাননি এবং তিনি ঢাকাতেই নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।

এরই মধ্যে বিসিবির ভেতরে নানা অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং-সংক্রান্ত অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন।

অন্যদিকে, একাধিক পরিচালকের বেফাঁস মন্তব্যে বোর্ডের ওপর বাড়তি চাপ তৈরি হয়, যার প্রভাব পড়ে বিপিএলেও; যেখানে ক্রিকেটাররা একপর্যায়ে ম্যাচ বয়কট করেন।

এই টালমাটাল বাস্তবতায় বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে ক্রিকেট ভক্তদের স্বস্তি দিয়ে আমিনুল ইসলাম বুলবুল দেশেই রয়েছেন এবং বোর্ডের চলমান সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে যুক্ত আছেন।