টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান গড়ে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) এই জয়ের মাধ্যমে চলমান বাছাইপর্বে টানা চয় ম্যাচ জিতেছে বাংলাদেশ নারী দল।
নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। শুরুতে ৬৭ রানের জুটি গড়েন ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া করেন ২২ রান। তবে দ্রুত কয়েকটি উইকেট হারায় দল।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজন মিলে গড়েন ১০০ রানের জুটি। জ্যোতি ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৬ রান। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। প্রথম বলেই উইকেট তুলে নেন মারুফা আক্তার। তার দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা। মারুফা নেন সর্বোচ্চ ৩টি উইকেট, আর স্বর্ণা আক্তার নেন দুটি।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল। মেগান ম্যাককল করেন ২০ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা করতে পারে মাত্র ১০১ রান।
এর ফলে ৯০ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন