ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আকাশে এখন নিপাহ ভাইরাসের কালো মেঘ। মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের আতঙ্ক। বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিগুলো ভারতে দল পাঠানো নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করায় পুরো টুর্নামেন্টের ভাগ্য এখন সুতায় ঝুলছে।
পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিএনএন-এর এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে তাদের আপত্তির কথা সাফ জানিয়ে দিয়েছে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, তারা নিপাহ পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, আমরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি। যদিও এখনই অস্ট্রেলিয়ায় আসা যাত্রীদের জন্য প্রটোকল বদলানো হয়নি, তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক বিশেষ প্রতিবেদনে সতর্ক করে বলেছে, নিপাহ ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এই ভয়াবহ পরিসংখ্যান বিশ্বজুড়ে ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে। সংক্রমণের এই আশঙ্কায় পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে।
মূল পরিকল্পনা অনুযায়ী, ২০ দলের এই মেগা ইভেন্টের ৫৫টি ম্যাচের মধ্যে ৩৫টি ভারতে ও ২০টি শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার স্বার্থে এখন সব ম্যাচই শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি উঠছে।
ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য এখন বিশাল এক চ্যালেঞ্জ। কয়েক দিন আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করে দিয়েছিল আইসিসি। এখন বড় দলগুলোর আপত্তির মুখে তারা নিজেদের অবস্থানে অনড় থাকতে পারবে কি না, সেটিই দেখার বিষয়।


