ব্যাট-বলের মহোৎসব শুরু হতে হাতে আর মাত্র কয়েকটা দিন। অথচ গ্যালারি মাতানো উন্মাদনার বদলে ভারতজুড়ে এখন নিপাহ ভাইরাসের আতঙ্ক। পশ্চিমবঙ্গের বারাসাত থেকে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাসের থাবায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য এখন ‘আইসিইউ’তে।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিএনএন এইচডির এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতে দল পাঠাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। ইংল্যান্ডের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের কম্পন ধরিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়াও বসে নেই। দেশটির ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার সাফ জানিয়ে দিয়েছেন, ক্রিকেটারদের জীবনের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। যদিও এখনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আসেনি, তবে অজি শিবিরের অনিচ্ছা আয়োজকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আলজাজিরার তথ্যমতে, নিপাহ ভাইরাস করোনার চেয়েও বহু গুণ বেশি মরণঘাতী। যেখানে করোনার মৃত্যুহার ছিল বেশ কম, সেখানে নিপার ক্ষেত্রে এই হার ৪০ থেকে ৭৫ শতাংশ।
পশ্চিমবঙ্গের বারাসাতে দুই নার্সসহ পাঁচজন আক্রান্ত হওয়ার খবরে নড়েচড়ে বসেছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। জারি করা হয়েছে দেশব্যাপী ‘রেড অ্যালার্ট’।
নিরাপত্তা ঝুঁকির কথা তুলে বাংলাদেশ যখন ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছিল, আইসিসি তা নাকচ করে দিয়ে অনেকটা একতরফাভাবে স্কটল্যান্ডকে যুক্ত করার ঘোষণা দেয়।
তবে পরিস্থিতি এখন ভিন্ন। পাকিস্তানও বাংলাদেশের দাবির সমর্থনে আইসিসিকে কড়া বার্তা দিয়েছে। জানা যায়, পাকিস্তানও বয়কট করতে পারে বিশ্বকাপ।
এদিকে গুঞ্জন উঠেছে, আইসিসি শেষ মুহূর্তে বড় কোনো ঝুঁকি নিতে চায় না। ভারতের জন্য বরাদ্দকৃত ৩৫টি ম্যাচসহ পুরো আসরটি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জোর প্রস্তুতি চলছে পর্দার আড়ালে।



