নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই সিদ্ধান্তে দেশের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি হতাশ খেলোয়াড়রাও। বিশেষ করে পুরুষ দলের তারকা ক্রিকেটাররা বিশ্বমঞ্চে খেলতে না পারায় কষ্ট পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের মতো ক্রিকেটারদের বিশ্বকাপ না খেলা নিয়ে অনুভূতির কথা জানাতে গিয়ে জ্যোতি বলেন, একজন ক্রিকেটারের জন্য বিশ্বকাপে খেলা সবসময়ই সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। নানা বাস্তবতার কারণে যখন সেটা সম্ভব হয় না, তখন কষ্ট পাওয়াটা স্বাভাবিক।
সম্প্রতি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ দল। টানা সাত ম্যাচ জিতে মূল পর্ব নিশ্চিত করে নেপাল থেকে দেশে ফেরে জ্যোতির নেতৃত্বাধীন দল। দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে উঠে আসে পুরুষ দলের বিশ্বকাপ না খেলার প্রসঙ্গ।
এ বিষয়ে জ্যোতি বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমার খুব খারাপ লেগেছে। শুধু আমার নয়, পুরো দলের অনেকেরই একই অনুভূতি। বিশ্বকাপে খেলতে না পারা যে কতটা কষ্টের, সেটা একজন খেলোয়াড়ই সবচেয়ে ভালো বোঝে।
তবে বাস্তবতাকে মেনে নেওয়ার কথাও বলেন নারী দলের অধিনায়ক। তার মতে, বর্তমান পরিস্থিতিতে অতীত নিয়ে আফসোস না করে সামনে তাকানোই সবচেয়ে জরুরি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন