নতুন বছর, নতুন চক্র, কিন্তু সমস্যাগুলো সেই পুরোনোই রয়ে গেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে বিসিবির পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রথম আসর শেষ হতেই দেখা দিয়েছে বড় ধরনের ছন্দপতন।
মাঠের ক্রিকেটের চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি সংকট, অর্থ কেলেঙ্কারি আর গুমোট হয়ে থাকা নারী ক্রিকেটের পরিবেশ নিয়ে।
বিপিএলের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসর শুরুর ঠিক আগমুহূর্তে মালিকপক্ষ হাত গুটিয়ে নেওয়ায় বিসিবিকে বাধ্য হয়ে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে হয়েছে। শুধু মালিকানা সংকটই নয়, টুর্নামেন্টের গায়ে এর আগে লেগেছে ফিক্সিং, আর আর্থিক অসঙ্গতির অভিযোগ।
খেলোয়াড়দের বকেয়া বেতন নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেখার রহমান আশার বাণী শোনালেও, বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। অনেক দেশি-বিদেশি ক্রিকেটার এখনো তাদের প্রাপ্য বুঝে পাননি।
২০২৬ সালে বাংলাদেশের ক্রিকেটে একমাত্র সুবাতাস বইছে নারী দল থেকে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে নিজেদের সামর্থ্য জানান দিয়েছেন বাঘিনীরা।


