লাহোরে ঝটিকা সফর শেষে দুটি বড় সুসংবাদ নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে, সাম্প্রতিক ঘটনায় বিসিবির ওপর কোনো ধরনের শাস্তি বা জরিমানা আরোপ করা হবে না। পাশাপাশি ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি বৈশ্বিক আসর আয়োজনের সুযোগও পাবে বাংলাদেশ।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়া এবং পরবর্তী সময়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানের অস্বীকৃতিকে কেন্দ্র করে রোববার লাহোরে আইসিসি, বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের জন্য দুটি ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হয়।
আইসিসির পাঠানো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিবির ওপর কোনো আর্থিক, ক্রীড়াগত কিংবা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। একই সঙ্গে বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)-তে যাওয়ার অধিকার সংরক্ষণ করতে পারবে। এই অধিকার আইসিসির বর্তমান বিধিমালার আওতায় বিদ্যমান এবং তা অক্ষুণ্ন থাকবে।
আইসিসি জানায়, তাদের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষতা ও ন্যায়সংগততার নীতির ওপর ভিত্তি করে পরিচালিত। শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে সদস্য বোর্ডগুলোকে সহায়তা ও সমর্থন দেওয়াই সংস্থাটির মূল লক্ষ্য।
এই সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০৩১–এর আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। তবে সেটি আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি ও পরিচালনাগত শর্তাবলীর সাপেক্ষে হবে।
আইসিসি মনে করে, আয়োজক হিসেবে বাংলাদেশের সক্ষমতার প্রতি এটি আস্থার প্রতিফলন। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে অর্থবহ আয়োজক সুযোগ তৈরি এবং দেশের ক্রিকেট উন্নয়নে আইসিসির প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক। তবে একটি প্রধান ক্রিকেট জাতি হিসেবে বাংলাদেশের প্রতি আইসিসির দীর্ঘমেয়াদি অঙ্গীকার এতে কোনোভাবেই পরিবর্তিত হয় না।
তিনি আরও বলেন, বিসিবিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা ক্রিকেটের বিকাশ নিশ্চিত করতে এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ একটি অগ্রাধিকারপ্রাপ্ত ক্রিকেট ইকোসিস্টেম, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগ, প্রতিযোগিতামূলক উন্নয়ন ও বৈশ্বিক সংযুক্তির যোগ্য।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন