ঘরের মাঠে বিশ্বকাপের গৌরব পুনরুদ্ধারের অভিযানে দুর্দান্ত সূচনা করল শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্পিন-সহায়ক কন্ডিশনের সর্বোচ্চ ব্যবহার করে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে দাসুন শানাকার দল।
তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে এখন ক্রিকেটবিশ্বে তীব্র আলোচনার জন্ম দিয়েছে লঙ্কান তারকা ভানুকা রাজাপাকসের এক চাঞ্চল্যকর মন্তব্য।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু শ্রীলঙ্কার স্পিনারদের সামনে তাদের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায়।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন কুশল মেন্ডিস। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কামিন্দু মেন্ডিস, মাত্র ১৯ বলে ৪৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে।
১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার স্পিন তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩/২৫) এবং মাহিশ থিকশানা (৩/২৩) মিলে ৬টি উইকেট শিকার করে আইরিশদের ১৪৩ রানে অলআউট করে দেন।
শ্রীলঙ্কার জয় যখন সংবাদ শিরোনামে আসার কথা, তখনই এক বিস্ফোরক দাবি করে বসলেন ভানুকা রাজাপাকসে। নিউজ ওয়ায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ভারতীয় ব্যাটারদের ব্যবহৃত ব্যাট নিয়ে প্রশ্ন তুলেছেন।
রাজাপাকসে বলেন, ভারতীয় খেলোয়াড়দের ব্যাট আমাদের ব্যাটগুলোর চেয়ে অনেক উন্নত। দেখে মনে হয় ব্যাটের গায়ে রাবারের একটি বিশেষ স্তর বা প্রলেপ দেওয়া আছে। আমি সত্যিই বুঝতে পারছি না এটি কীভাবে সম্ভব। এই ব্যাটগুলো সাধারণ খেলোয়াড়রা কিনতেও পারে না, সব ক্রিকেটাররাই এটা জানে।
রাজাপাকসের এই দাবি ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রযুক্তির ব্যবহার এবং ব্যাটের মান নিয়ে এই অভিযোগ খেলার ভারসাম্য নষ্ট করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও আইসিসি সব দলের সরঞ্জাম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাচাই করে থাকে, তবুও রাজাপাকসের এই মন্তব্য টুর্নামেন্টের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন