ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে যা বললেন মহসিন নাকভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৫ পিএম
মহসিন নাকভি। ছবি : সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসার মূল কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। 

তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্তের পেছনে একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য ‘সম্মান’ আদায় করা এবং তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার নিশ্চিত করা।

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। তবে পিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির মধ্যে কয়েক দিনের নিবিড় আলোচনা ও দরকষাকষির পর গত সোমবার গভীর রাতে পাকিস্তান সরকার সেই বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।

মঙ্গলবার পেশোয়ারে সাংবাদিকদের সামনে নাকভি বলেন, বাংলাদেশ ছাড়া আমাদের আলোচনায় আর কোনো শর্ত ছিল না। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য কিছু সম্মান আদায় করে নেওয়া।

মূলত নিরাপত্তা শঙ্কা দেখিয়ে বাংলাদেশ সরকার ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি না দেওয়ায়, আইসিসি বোর্ডের ভোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল বাংলাদেশ। 

তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। বিসিসিআই কর্তৃক আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই এই পরিস্থিতির সূত্রপাত হয়। সেই সময় আইসিসির ভোটের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নাকভি একে ‘দ্বৈত মানদণ্ড’ বলে আখ্যা দিয়েছিলেন।

এদিকে, বর্তমান সমঝোতার অংশ হিসেবে আইসিসি জানিয়েছে, ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। উল্টো, ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দেওয়া হয়েছে।