টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে ৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে অস্ট্রেলিয়া। তারকা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের অনুপস্থিতিতে দলের হাল ধরেন নাথান এলিস। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে টানা হারের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরল অজিরা।
কলম্বোতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন অজি ওপেনাররা। ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড দ্রুত ফিরলেও, জশ ইংলিশের ৩৭ রান এবং ক্যামেরন গ্রিনের ২১ রানের ছোট ঝড়ো ইনিংসে এগিয়ে যায় অজিরা।
তবে অস্ট্রেলিয়ার রানের চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখেন মার্কাস স্টয়নিস ও ম্যাট রেনশ। পঞ্চম উইকেটে তাদের ৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।
১৮৩ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় আইরিশরা। ইনিংসের প্রথম বলেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অধিনায়ক পল স্টার্লিং। এরপর নাথান এলিসের গতি এবং অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ।
মাত্র ১২ রান খরচায় ৪টি উইকেট তুলে নিয়ে আইরিশদের কোমর ভেঙে দেন এলিস। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আইরিশ ব্যাটাররা। দলের পক্ষে জর্জ ডকরেল সর্বোচ্চ ৪১ রান করলেও, তা কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে।


