পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কারাগারে বন্দি এই কিংবদন্তির ডান চোখের দৃষ্টিশক্তি কমে মাত্র ১৫ শতাংশে নেমে এসেছে। এই পরিস্থিতিতে দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।
ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে আদালত নড়েচড়ে বসেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে ইমরান খানের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইমরান খানের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল। এরপর থেকেই তিনি ক্রমাগত ঝাপসা দেখতে শুরু করেন। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের চক্ষু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইমরান খানের চোখে রক্ত জমাট বাঁধার কারণে মারাত্মক ক্ষতি হয়েছে। ফলে ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারানোর পথে।
ইমরান খানের এমন খবরে গভীরভাবে মর্মাহত হয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইমরান খানের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে তার উত্থান হয়েছিল।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ এক আবেগঘন পোস্টে ওয়াসিম আকরাম লেখেন, আমাদের অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য সমস্যার কথা শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তার জন্য সম্ভাব্য সেরা চিকিৎসার ব্যবস্থা করবে। আমি তার দ্রুত আরোগ্য এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।


