ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চলতি বছরেই বাংলাদেশ সফরে আসছে ভারত!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:০০ এএম
ভারত-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মেঘ কেটে ক্রিকেটের মাঠে ফিরছে উষ্ণতা। গত বছর স্থগিত হওয়া ভারতের বাংলাদেশ সফর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল—এমন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত বছরের আগস্টে নির্ধারিত তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের বাংলাদেশে আসার কথা থাকলেও কূটনৈতিক জটিলতায় তা সম্ভব হয়নি। পরে সিরিজটি পিছিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়। 

তবে মাঝখানে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে অনিশ্চয়তার কারণে সিরিজটি নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছিল।

সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে। নির্বাচনের পর সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত মিলেছে। এই ধারাবাহিকতায় বিসিসিআই সিরিজটি আয়োজনে তাদের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিসিআই সচিব জয় শাহর বৈঠকের পর বিসিসিআইর সহসভাপতি রাজীব শুক্লা গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক কিছু জটিলতা থাকলেও বাংলাদেশকে সন্তুষ্ট করতে সম্ভাব্য সব পথ খোলা রাখা হবে।

তিনি আরও জানান, বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। ক্রিকেটীয় সম্পর্ক আরও দৃঢ় করতে দুই বোর্ড একসঙ্গে কাজ করতে চায়।

আগামী ২০৩১ সালের আগেই বাংলাদেশ আরও একটি বৈশ্বিক ক্রিকেট আসরের স্বাগতিক হতে যাচ্ছে। সেই আয়োজন সফল করতে ভারতের ক্রিকেট বোর্ড পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং ভবিষ্যতের আইসিসি ও এসিসির ইভেন্টগুলোতে যেন কোনো জটিলতা না হয়, সে বিষয়েও দুই বোর্ড একযোগে কাজ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।