বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তনের হাওয়া বইছে। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর এই গুরুদায়িত্ব গ্রহণ করতে পারেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।
জানা গেছে, গাজী আশরাফ হোসেন লিপু দীর্ঘমেয়াদে এই পদে থাকতে আগ্রহী নন। আগামী ২৮ ফেব্রুয়ারি তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি চুক্তি নবায়ন করবেন না।
লিপুর প্রস্থানের পর নতুন প্রধান নির্বাচক কে হচ্ছেন তা নিয়ে ক্রিকেটপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে সূত্রটি আরও জানিয়েছে, এ পদের জন্য জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও আলোচনায় রয়েছেন। বাশারের নির্বাচক প্যানেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এদিকে, বোর্ডের পক্ষ থেকে লিপুকে আরও দুই-তিন মাস দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে। গাজী আশরাফও জানিয়েছেন, অল্প সময়ের জন্য হলে তিনি দায়িত্ব চালিয়ে যেতে আপত্তি করবেন না। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।


