ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:২৬ পিএম
রাইজিং স্টারসে দাপুটে জয় পেল বাংলাদেশের মেয়েরা। ছবি : সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টসে হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরুতে উইকেট হারালেও অধিনায়ক ফাহিমা খাতুনের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় দল।

৩২ বলে অপরাজিত ৪০ রানের এক দারুণ ইনিংস খেলেন তিনি। এছাড়া শারমিন সুলতানা (১৫), শামিমা সুলতানা (১৩) ও ইসমা তানজিমের (১২) ছোট ছোট অবদানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই পাক ওপেনারদের বিদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ফারিয়া তৃষ্ণা, ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো পাকিস্তানি ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তান মাত্র ৫৬ রানেই অল-আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সানজিদা মেঘলা, তিনি শিকার করেন ৩টি উইকেট। 

একনজরে স্কোরকার্ড

বাংলাদেশ: ১১০/৮ (২০ ওভার)

পাকিস্তান: ৫৬/১০ (১৬.৪ ওভার)

ফল: বাংলাদেশ ৫৪ রানে জয়ী।