ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াকু শুরু করেও শেষ হাসি হাসা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। ভারতের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৮ রানেই গুটিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৬ রানের জয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত ‘এ’ দল, আর রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে টাইগ্রেসদের।
এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পরই নাটকীয় ধসের মুখে পড়ে তারা। ফাতেমা জাহানের বলে দীনেশ বৃন্দা বিদায় নেওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার।
একে একে নন্দিনী কাশ্যপ (রান আউট) ও মিন্নু মানি (গোল্ডেন ডাক) বিদায় নিলে ৩৩ রানেই ৩ উইকেট হারায় তারা। দলীয় ৪৪ রানে ভারত যখন চতুর্থ উইকেট হারাল, তখন মনে হচ্ছিল ম্যাচ বাংলাদেশের মুঠোয়।
তবে পঞ্চম উইকেটে রাধা যাদব ও তেজাল হাসাবনিসের ৬৯ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অধিনায়ক রাধা ৩৬ রানে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে ৩৪ বলে ৫১ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন তেজাল।
বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন বল হাতে ছিলেন অনন্য, একাই শিকার করেন ৪ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৪ রান।
১৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১০ রানেই ওপেনার ইশমা তানজিমকে হারিয়ে ধাক্কা খায় দল। এরপর শারমিন সুলতানা (১৮) ও শামিমা সুলতানা (২০) প্রাথমিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় খেই হারায় বাংলাদেশ।
অধিনায়ক ফাহিমা খাতুন বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে আজ জ্বলে উঠতে পারেননি, ফেরেন মাত্র ১৪ রানে। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।
ভারতের হয়ে প্রেমা রাওয়াত ৩টি এবং সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ার ২টি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন