মাঠের ভেতরে বিরাট কোহলি মানেই এক লড়াকু চরিত্র, আগ্রাসী মেজাজ। কিন্তু মাঠের বাইরে আধুনিক ক্রিকেটের এই মহাতারকা কার গুণে মুগ্ধ? সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে, যার শিরোনাম ‘Celebrity Qualities You’d Want’। সেখানে কোহলিকে দেখা গেছে একেবারে ভিন্ন ও চিন্তাশীল মেজাজে।
ক্রিকেট, ফুটবল থেকে বলিউড—বিশ্বের তাবড় আইকনদের জীবনের একটি করে বিশেষ গুণ বেছে নিয়েছেন কোহলি, যা তিনি নিজে ধারণ করতে চান।
নিজের মেন্টর ও সাবেক অধিনায়ক এমএস ধোনির প্রসঙ্গে কোহলি বেছে নিয়েছেন তার ‘তৃপ্তি বা প্রশান্তি’ গুণটিকে। ধোনির সেই বিখ্যাত ‘ক্যাপ্টেন কুল’ ইমেজের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোহলি জানান, যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার এই গুণটি অত্যন্ত ঈর্ষণীয়।
অন্যদিকে, ফুটবল বিশ্বের দুই মহারথী ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে পার্থক্য টেনেছেন কোহলি। রোনালদোর সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে তিনি তার ‘কঠোর শৃঙ্খলা’-কে বেছে নিয়েছেন।
আর মেসির ক্ষেত্রে কোহলির সোজাসাপ্টা উত্তর—তার রয়েছে ‘অলৌকিক ক্ষমতা’, যা সাধারণের ধরাছোঁয়ার বাইরে।
বিনোদনের দুনিয়া থেকে কোহলি বেছে নিয়েছেন শাহরুখ খানকে। কিং খানের বিপুল খ্যাতির মাঝেও তার ‘বিনয়’ কোহলিকে মুগ্ধ করে।
তবে সবচেয়ে চমকপ্রদ ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে নিয়ে তার মূল্যায়ন। শচীনের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নয়, বরং তার ‘ল্যাপ শট’-এর কারিগরি দক্ষতার ভক্ত কোহলি। তিনি অকপটে স্বীকার করে জানান, শচীন পাজি যেভাবে স্পিনারদের বিপক্ষে ল্যাপ শট খেলতেন, তা ছিল দেখার মতো। আমি যখন ওটা চেষ্টা করি, তখন নিজেকে বেশ আনাড়ি মনে হয়।
আড্ডায় ডোয়াইন ‘দ্য রক’ জনসনের নাম আসতেই কোহলি হেসে তার আইকনিক ভ্রু কুঁচকানোর ভঙ্গি নকল করে দেখান। তবে ভিডিওটির সবচেয়ে আলোচিত অংশ ছিল বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফটকে নিয়ে তার মন্তব্য।
বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় গায়িকা হওয়া সত্ত্বেও কোহলি জানান, তার কাজ সম্পর্কে বিশেষ ধারণা না থাকায় তিনি কোনো মন্তব্য করতে চান না।



