ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বর্তমান বোর্ডকে নিয়ে যা বললেন সুজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৫৯ পিএম
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম এবং দেশের ক্রিকেটের স্থবিরতা নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে, গত কয়েক মাস ধরে বিসিবি ঠিকঠাকমতো চলছে না এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বোর্ড পুনর্গঠন বা নতুন নির্বাচন এখন সময়ের দাবি।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি মনে করেন, মাঠের ক্রিকেট সচল রাখা এবং সঠিক নেতৃত্ব নির্বাচন করাই এখন প্রধান চ্যালেঞ্জ।

বিসিবির বর্তমান পর্ষদ নিয়ে প্রশ্ন তুলে খালেদ মাহমুদ সুজন বলেন, এই ক্রিকেট বোর্ডটা বিগত কয়েক মাস ধরে যেভাবে চলছে, আমি মনে করি না সেটা ঠিকঠাক। ঘরোয়া ক্রিকেট নিয়মিত হচ্ছে না, আমরা বিশ্বকাপে খেলতে পারেনি। এমন অনেক কিছুই ঘটছে যা ক্রিকেটের জন্য শুভ নয়।

বোর্ড পরিচালকদের যোগ্যতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমি বলবো না এখানে সবাই খারাপ, আবার সবাই ভালো—সেটাও বলছি না। তবে বর্তমান স্থবিরতা কাটানো জরুরি।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব গ্রহণ করেছেন। তার হাত ধরেই বিসিবিতে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন সুজন। 

তিনি বলেন, নতুন সরকার ও নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছেন। উনি উনার মতো করে চিন্তা করবেন কীভাবে বোর্ড চালালে ক্রিকেটের জন্য ভালো হবে। দিনশেষে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলাটা যেন মাঠে সচল থাকে।

বিসিবিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দিয়ে সুজন বলেন, আমি মনে করি একটি ভালো নির্বাচন হওয়া দরকার। যদি নির্বাচন ঠিকঠাক হয়, তবে যোগ্য মানুষরাই নেতৃত্বে আসবে। তখন মানুষই বেছে নেবে কারা ক্রিকেটের জন্য কাজ করতে পারবে।

বর্তমান বোর্ডের আইনি ভিত্তি ও পরিবর্তন প্রসঙ্গে তিনি যোগ করেন, যেভাবেই হোক, এটি একটি নির্বাচিত বোর্ড ছিল, সেটা নিয়ম ভেঙে হোক বা যেভাবে হোক। এখন এই বোর্ড কীভাবে সরানো হবে বা পরিবর্তন হবে, তা সরকার ঠিক করবে। তবে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যোগ্য মানুষ যোগ্য জায়গায় আসুক—সেটাই সবার কাম্য।