ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোথায় আছেন মুশফিক?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:৫০ পিএম
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন শেষে নিজ মাতৃভূমিতে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে হঠাৎ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছেন ‘মি. ডিপেন্ডেবল’।

বর্তমানে জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রীর সাথে আটকা পড়েছেন ‘মি. ডিপেন্ডেবল’।

জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওমরাহ সম্পন্ন করে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিলেন মুশফিক। পরিকল্পনা ছিল দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটে ঢাকা পৌঁছানোর। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান চলাচল স্থগিত হয়ে যায়। ফলে মাঝ আকাশ থেকেই মুশফিকসহ বাকি যাত্রীদের বহনকারী বিমানটিকে পুনরায় জেদ্দায় ফিরিয়ে আনা হয়।

অনিশ্চয়তার এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মুশফিক। 

ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, ওমরাহ সম্পন্ন করেছি। আজ (গতকাল) সকালে জেদ্দা থেকে দুবাই গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সব ফ্লাইট আবার জেদ্দায় ফেরত এসেছে। এখন হাজারো যাত্রীর সাথে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। আল্লাহ ভালো জানেন আমরা কখন এবং কীভাবে অন্যান্য বাংলাদেশিদের নিয়ে ঢাকা পৌঁছাতে পারব। সবার কাছে দোয়া চাইছি।

মুশফিকের সেই পোস্টের পর প্রায় ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও নতুন কোনো আপডেট পাওয়া যায়নি তার পক্ষ থেকে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও নতুন কোনো বার্তা খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত।

তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, মুশফিকুর রহিম বর্তমানে জেদ্দায় সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশের বিমানে উঠবেন সাবেক এই অধিনায়ক।