আগামীকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষ হচ্ছে মেগা ফাইনালের মধ্য দিয়ে। শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল নিউজিল্যান্ড।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত পুরো টুর্নামেন্টজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে। আক্রমণাত্মক ব্যাটিং এবং সুশৃঙ্খল বোলিংয়ের সংমিশ্রণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা ফাইনালে পা রেখেছে।
অন্যদিকে, বরাবরের মতো শান্ত মেজাজ আর নিখুঁত পরিকল্পনার জোরে কিউইরা প্রমাণ করেছে কেন তারা আইসিসি টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। চাপের মুখে ঘুরে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতা নিয়ে ব্ল্যাক ক্যাপরা ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
ফাইনালের মহারণে ভারতের তুরুপের তাস হতে পারেন পেস বোলিংয়ের সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, বুমরাহ ফাইনালের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন এবং ম্যাচসেরার পুরস্কারও জিতে নিতে পারেন।
‘বিয়ন্ড ২৩ ক্রিকেট পডকাস্ট’-এ ক্লার্ক বলেন, বুমরাহর সবচেয়ে বড় শক্তি হলো চাপের মুখে বৈচিত্র্যময় বোলিং কার্যকর করা। ভারতের সাফল্যের পেছনে বুমরাহ বড় প্রভাবক হিসেবে কাজ করছেন বলে তিনি মন্তব্য করেন।
চলতি বিশ্বকাপে বুমরাহ অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত ৭ ম্যাচে মাত্র ১৫.৯০ গড়ে ১০টি উইকেট শিকার করেছেন তিনি। এর চেয়েও বড় কথা হলো তার নিয়ন্ত্রিত বোলিং, যেখানে তার ইকোনমি রেট মাত্র ৬.৬৩।


