মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে।
আজ শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে শুরুতে সফরকারী ব্যাটারদের চেপে ধরতেই তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
গত ম্যাচে দুর্দান্ত বোলিং করা নাহিদ রানাকে নিয়ে গড়া বাংলাদেশের শক্তিশালী পেস ইউনিট আজও পাকিস্তানের টপ অর্ডারকে পরীক্ষার মুখে ফেলতে প্রস্তুত।
গত বুধবার একই ভেন্যুতে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছিল টাইগাররা। সেই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মিরাজের দল।
আজকের জয় কেবল সিরিজ জয়ই নয়; বরং ২০২৭ বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও বাংলাদেশকে অনেকখানি এগিয়ে দেবে।
অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানের। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর আজ ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন