পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়লেন উসামা মির। দীর্ঘ ১৮ বছর পর সাবেক পেসার সোহাইল তানভীরের গড়া রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক এখন লেগ স্পিনার উসামা।
মাত্র ৮ রান খরচায় ৬ উইকেট শিকার করে তিনি ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন।
বৃহস্পতিবার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে শিয়ালকোটের মুখোমুখি হয়েছিল লাহোর ব্লুজ। ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে শিয়ালকোট ২১১ রানের পাহাড়সম পুঁজি সংগ্রহ করে।
২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল লাহোর। তবে উসামা মিরের ঘূর্ণি জাদুতে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। লাহোর ব্লুজ মাত্র ১০০ রানেই অল-আউট হয়ে যায়, ফলে শিয়ালকোট পায় ১১০ রানের বিশাল জয়।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন সোহাইল তানভীর। ১৮ বছর পর উসামা মির মাত্র ৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড নিজের করে নিলেন।
এক নজরে সেরা দুই বোলিং ফিগার (পাকিস্তানি)
উসামা মির: ৮/৬ (২০২৬)
সোহাইল তানভীর: ১৪/৬ (২০০৮)


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন