গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সোমবার (৩০ মার্চ) রাতে রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে উড়ে গেছে চেন্নাই সুপার কিংস। মাত্র ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বলে ৫২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে রাজস্থানকে ৮ উইকেটের বড় জয় এনে দিয়েছেন এই কিশোর।
আইপিএলে চলতি মৌসুমের প্রথম ম্যাচে তার এমন ব্যাটিং দেখে এখন একটাই আলোচনা—তবে কি খুব শীঘ্রই ভারতের জাতীয় দলে অভিষেক হতে যাচ্ছে এই বিস্ময়বালকের?
ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ ড্রেসিংরুমের বর্ণনা দিতে গিয়ে বলেন, উইকেট কিছুটা মন্থর ও আঠালো থাকা সত্ত্বেও বৈভব যেভাবে অনায়াসে শট খেলছিলেন, তা অবিশ্বাস্য। পরাগ ও ধ্রুব জুরেল বাইরে বসে শুধু অবাক হয়ে দেখছিলেন আর ভাবছিলেন, এইটুকু ছেলে এটা কীভাবে করছে!
অধিনায়ক জানান, দলের পক্ষ থেকে বৈভবের ওপর কোনো বাড়তি চাপ দেওয়া হয় না, বরং তাকে নিজের মতো করে ব্যাটিং উপভোগ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
ইএসপিএন-ক্রিকইনফোর স্টুডিওতে বসে বৈভবের ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে ভারতের সাবেক তারকা পীযূষ চাওলা তাকে দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
চাওলা বলেন, ১৫ বছর বয়সেই বিশ্বের বাঘা বাঘা ১৪০ কিমি গতির বোলারদের যেভাবে বৈভব শাসন করছেন, তাতে আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নিতে তার কোনো সমস্যাই হবে না।
তবে আম্বাতি রায়াডু কিছুটা সতর্ক অবস্থানে থেকে জানান, ভারত এখন বিশ্বচ্যাম্পিয়ন দল হওয়ায় জায়গা পাওয়া কঠিন, তবে বৈভব নিশ্চিতভাবেই নির্বাচকদের নজরে এবং জাতীয় দলের দৌড়ে রয়েছেন।
গত ২৭ মার্চ ১৫ বছরে পা রাখা বৈভবের অর্জনের ঝুলি এখনই বেশ সমৃদ্ধ। হারারেতে এ বছরের শুরুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪৩৯ রান করে তিনি 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এবং লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ডও এখন তার দখলে।


