ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাওয়ালপিন্ডিকে উড়িয়ে জয়ের ধারায় ফিরল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:২৪ পিএম
ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরে টানা হারের বৃত্ত ভেঙে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। রাইলি রুশোর লড়াকু অর্ধশতক এবং বোলারদের দাপটে রাওয়ালপিন্ডিজকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। 

অন্যদিকে, এই হারের মাধ্যমে চলতি টুর্নামেন্টে টানা পঞ্চম পরাজয়ের তেতো স্বাদ পেল রাওয়ালপিন্ডিজ।

গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে কোয়েটার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাওয়ালপিন্ডিজ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। 

প্রাথমিক এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে। এক পর্যায়ে ৩ উইকেটে ৭৬ রান তুললেও, পরবর্তী মাত্র ৪৫ রানের ব্যবধানে শেষ ৭টি উইকেট হারিয়ে ১২১ রানেই থমকে যায় তাদের ইনিংস। 

দলের পক্ষে সাদ মাসুদ ১৯ বলে ৩১ রানের একটি ইনিংস খেললেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন সৌদ শাকিল, জাহানদাদ খান ও উসমান তারিক। প্রত্যেকেই শিকার করেন দুটি করে উইকেট। বিশেষ করে সৌদ শাকিল মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে রাওয়ালপিন্ডিজের মিডল অর্ডার ধসিয়ে দেন।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেন রাইলি রুশো ও সৌদ শাকিল। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ৮৭ রান যোগ করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ব্যাট হাতে রুশো ৫৩ রানের কার্যকর ইনিংস খেলেন এবং শাকিল করেন ৪২ রান। 

মিডল অর্ডারে হাসান নেওয়াজের ১৬ বলে ৩৯ রানের টর্নেডো ইনিংস স্কোরবোর্ডকে ১৮০-এর ঘরে নিয়ে যায়।