দর্শকশূন্য গ্যালারি আর নিস্তব্ধ স্টেডিয়ামেও উত্তাপ ছড়াল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রোমাঞ্চ। ঘরের মাঠে লিগ পর্বের সবচেয়ে শক্তিশালী দল পেশোয়ার জালমিকে ৬ উইকেটে হারিয়ে আসরের সেরা চারে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে লাহোর কালান্দার্স।
ড্যানিয়েল সামস ও সিকান্দার রাজার ঝোড়ো ব্যাটিংয়ে ২০০ রানের লক্ষ্য তাড়ায় ৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়েছিল পেশোয়ার জালমি। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মাইকেল ব্রাসওয়েল।
৪৫ বলের এই ইনিংসে তিনি মাঠের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ছোটান। অধিনায়ক বাবর আজমও ধরে রেখেছিলেন তার ফর্ম, খেলেন ৫৯ রানের আরও একটি চমৎকার ইনিংস। লাহোরের হয়ে শাহিন আফ্রিদি ও হারিস রউফ ২টি করে উইকেট নেন।
২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লাহোরের শুরুটা ভালো ছিল না। কিন্তু ওপেনার ফখর জামান এক প্রান্ত আগলে রেখে ৪৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। তবে রান রেটের চাপ সামাল দেন অন্য ব্যাটসম্যানরা। আবদুল্লাহ শফিক মাত্র ১১ বলে ২৫ রানের ক্যামিও খেলে লাহোরকে লড়াইয়ে রাখেন। মাঝে চারিথ আসালাঙ্কা ২৬ বলে ৩৩ রান সংগ্রহ করেন।
ম্যাচের মোড় ঘুরে যায় সিকান্দার রাজা ক্রিজে আসার পর। লাহোরের যখন ৪৪ বলে ৮২ রান প্রয়োজন, তখন রাজার ১১ বলে ২৯ রানের টর্নেডো ইনিংস পেশোয়ারকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এরপর ড্যানিয়েল সামস ১৫ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।
এদিন বিশেষ করে মোহাম্মদ বাসিতের এক ওভারে সামসের দুই চার ও এক ছক্কা ম্যাচটিকে লাহোরের জন্য সহজ করে দেয়।
এই জয়ের ফলে লাহোরের নেট রান রেট দাঁড়িয়েছে -০.৪৮২। অন্যদিকে হায়দরাবাদ কিংস মেনের রান রেট -১.০৩৭।


