নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর এবার সিরিজ জয়ের মিশন টাইগারদের সামনে। আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় মানসিকভাবে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের কন্ডিশন এবং সাম্প্রতিক ছন্দ বিবেচনায় আজই সিরিজ নিজেদের করে নিতে চায় স্বাগতিকরা।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা খুবই কম। আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে টাইগারদের। ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে সাইফ হাসানের জুটির ওপর ভরসা রাখছে দল, আর মিডল অর্ডারে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটে তাকিয়ে থাকবে লাল-সবুজ সমর্থকরা।
অন্যদিকে, সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে। শক্তিশালী দল হলেও প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে সুবিধা করতে পারেনি তারা। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ৪ নম্বর অবস্থানে থাকা কিউইদের রেটিং পয়েন্ট ২৪৮, যেখানে ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ৯ নম্বরে।
টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বেশ দীর্ঘ। এখন পর্যন্ত ২১টি ম্যাচে একে অপরের বিপক্ষে লড়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যার মধ্যে ১৫টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা এবং ৫টি ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
আজকের খেলায় সম্ভাব্য একাদশ
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার ও ম্যাট ফিশার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন