ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইপিএলে আজ মুখোমুখি হায়দরাবাদ-পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে আজ এক হাই-ভোল্টেজ লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। টুর্নামেন্টের ৪৯তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ঘরের মাঠের শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংস। 

চলতি মৌসুমে প্যাট কামিন্সের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ দারুণ ফর্মে রয়েছে। মৌসুমের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও টানা পাঁচ জয়ে তারা টেবিলের শক্ত অবস্থানে উঠে আসে। 

যদিও সবশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে কিছুটা ধাক্কা খেয়েছে তারা, তবে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে হায়দরাবাদ। আজ ঘরের মাঠে অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের বিধ্বংসী ওপেনিং জুটির ওপর ভর করে আবারও জয়ের ধারায় ফিরতে মরিয়া স্বাগতিকরা।

অন্যদিকে, শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস চলতি বছরের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরে তারা এখন টেবিলের এক নম্বর দল। 

হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এবারের আসরেও এর ব্যতিক্রম হয়নি। ফ্ল্যাট ট্র্যাক আর বিদ্যুৎগতির আউটফিল্ডের কারণে এখানে রান তোলা বোলারদের জন্য দুঃস্বপ্নের মতো। 

চলতি মৌসুমে এই মাঠে প্রথম ইনিংসের গড় রান ১৯৬ এবং স্কোরবোর্ডে ২৪০ রান ওঠার নজিরও রয়েছে। ফলে আজকের ম্যাচেও বড় স্কোরের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।