আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। কিন্তু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন ক্রিকেটীয় কৌশলের চেয়ে পাঞ্জাব ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়াই ছিল মূল আলোচনার বিষয়।
একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করার খেসারত দিয়ে শেষ পর্যন্ত হতাশাজনক এক রাত পার করল প্রীতি জিনতার দল। বিশেষ করে ব্যাটার শশাঙ্ক সিংয়ের একটি সহজ ক্যাচ মিস এখন টুর্নামেন্টের অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের বলে হেনরিক ক্লাসেন একটি স্লগ সুইপ খেলেন। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে একদম বলের নিচে পজিশন নিয়েছিলেন শশাঙ্ক সিং। গ্যালারির দর্শকরা যখন উইকেট উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন, তখনই সবাইকে অবাক করে দিয়ে বলটি হাতছাড়া করেন তিনি। উইকেটের পেছনে দাঁড়িয়ে বোলার চাহালকে দীর্ঘক্ষণ হতাশায় স্তব্ধ হয়ে থাকতে দেখা যায়।
শশাঙ্ক সিংয়ের জন্য এবারের মৌসুমটি ফিল্ডিংয়ের দিক থেকে যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এটিই প্রথম নয়, চলতি টুর্নামেন্টে এর আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তিনটি এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একটি ক্যাচ মিস করেছিলেন তিনি।
বুধবারের ভুলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সমর্থকদের অনেকেই দলের ফিল্ডিং স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে শুধু শশাঙ্ক নন, পুরো পাঞ্জাব দলই এদিন যেন তালগোল পাকিয়ে ফেলেছিল। ইনিংসের অষ্টম ওভারে লকি ফার্গুসনের বলে ঈশান কিশানের সহজ ক্যাচ ফেলেন কুপার কনোলি।
কিছুক্ষণ পর ফার্গুসন নিজেও সীমানায় ক্যাচ মিস করে কিশানকে দ্বিতীয়বার জীবনদান করেন। এখানেই শেষ নয়, উইকেটকিপার প্রভসিমরান সিং একটি সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করলে হায়দরাবাদের ব্যাটাররা রানের পাহাড় গড়ার পূর্ণ সুযোগ পায়।
দলের এমন ফিল্ডিং দেখে মেজাজ ধরে রাখতে পারেননি হেড কোচ রিকি পন্টিং। ইনিংস চলাকালীন এক সাক্ষাৎকারে হতাশা ও রসিকতার মিশেলে পন্টিং বলেন, এটা অনেকটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে।
শশাঙ্কের প্রতি কিছুটা সহানুভূতি দেখিয়ে তিনি আরও যোগ করেন, ছেলেরা অনুশীলনে অনেক পরিশ্রম করছে। কিন্তু বেচারা শশাঙ্কের দুর্ভাগ্য যে, বল ওকে মাঠের সব জায়গায় তাড়া করে বেড়াচ্ছে।



