আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন লাল বলের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই সফরের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে চোট কাটিয়ে তারকা পেসার কাইল জেমিসন ও উইল ও’রোকের প্রত্যাবর্তন।
চলতি মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে ব্ল্যাক ক্যাপসরা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে তারা, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) দৌড়ে কিউইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন এই দীর্ঘদেহী পেসার। দীর্ঘ বিরতির পর ফিরলেও টেস্ট ফরম্যাটে জেমিসনের পরিসংখ্যান ঈর্ষণীয়। মাত্র ১৯ ম্যাচে তিনি শিকার করেছেন ৮০টি উইকেট।
তার সঙ্গে দলে যোগ দিচ্ছেন তরুণ পেসার উইল ও’রোক, যিনি ইনজুরি কাটিয়ে ফিরলেন। মাত্র ১১ টেস্টে ৩৯ উইকেট নিয়ে ইতোমধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ২৪ বছর বয়সি এই ক্রিকেটার।
প্রধান কোচ রব ওয়াল্টার তার প্রধান দুই পেসারকে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। জেমিসনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পরিশ্রমের প্রশংসা করার পাশাপাশি ও’রোকের গতি ও বাউন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।
আগামী ২৭ মে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে মাঠের লড়াই শুরু করবে নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ক্রিস্টিয়ান ক্লার্ক (আয়ারল্যান্ড টেস্ট), ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও'রোক, গ্লেন ফিলিপস, মাইকেল রাই (আয়ারল্যান্ড টেস্ট), রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।


