ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। আজ শনিবার (৯ মে) জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে চলতি আসরের ৫২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানস।
স্বাগতিক রাজস্থান রয়্যালস এবারের মৌসুমে নিজেদের মাঠে বেশ সফল। তরুণ অধিনায়ক রিয়ান পরাগের নেতৃত্বে দলটি মাঝেমধ্যে দারুণ নৈপুণ্য দেখালেও মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা গেছে।
তবে ঘরের মাঠের চেনা দর্শক আর পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে আজ জয়ের ধারায় ফিরতে মরিয়া রয়্যালসরা। আজকের জয় তাদের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা আরও নিশ্চিত করবে।
অন্যদিকে, বেশ ফুরফুরে মেজাজে জয়পুরে পা রেখেছে শুভমান গিলের গুজরাট টাইটানস। ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ আর সুশৃঙ্খল ব্যাটিংয়ের ওপর ভর করে সাম্প্রতিক ম্যাচগুলোতে দারুণ লড়াকু ক্রিকেট খেলছে তারা।
পয়েন্ট টেবিলের লড়াই যে অবস্থায় পৌঁছেছে, তাতে আজকের ম্যাচটি জিতলে গুজরাটের প্লে-অফের স্বপ্ন অনেকটাই বাস্তব রূপ পাবে।
জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামের উইকেটে ব্যাটার ও বোলার উভয়ের জন্যই সুযোগ থাকবে। ইনিংসের শুরুতে পেসাররা কিছুটা সুবিধা পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট মন্থর হয়ে আসতে পারে, যা স্পিনারদের জন্য সহায়ক হবে।
এদিকে পরিসংখ্যান বলছে, রাতের ম্যাচে এখানে রান তাড়া করা দলগুলো কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকে। ফলে টস জয়ী অধিনায়ক আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

