মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের রেশ এখনো কাটেনি। পঞ্চম দিনের নাটকীয় লড়াই শেষ হতে না হতেই ক্রিকেটপাড়ায় শুরু হয়েছে দ্বিতীয় টেস্টের আবহ।
আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট। আর এই ম্যাচের জন্য স্কোয়াডে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা যায়, প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলটিতে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ, জয়-সাদমানদের ওপর আস্থা রেখেই সিলেট মিশনের পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
যদিও বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করা হয়নি, তবে নির্ভরযোগ্য সূত্র বলছে—অপরিবর্তিত দল নিয়েই পাকিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।
এই সিরিজে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে বড় চমক ছিল দুই নতুন মুখ তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। যদিও প্রথম টেস্টের দলে জায়গা পায়নি কেউই।
দ্বিতীয় টেস্টের সম্ভাব্য স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন