দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে ফিনালিসিমার ফাইনালে। এই মহারণ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ শুক্রবার কাতারের লুসাইল স্টেডিয়ামে।
দক্ষিণ আমেরিকা ও ইউরোপীয় ফুটবল সংস্থার যৌথ উদ্যোগে আয়োজন করা ফিনালিসিমা মূলত দুই মহাদেশের সেরা দলের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণের জন্য। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনও এতে যুক্ত রয়েছে।
দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেজ বলেছেন, এই ম্যাচ শুধু প্রতিযোগিতা নয়, দুই মহাদেশের সহযোগিতা ও সম্মানের প্রতীক।
অন্যদিকে, ইউরোপীয় ফুটবল সংস্থার সভাপতি আলেকসান্দার চেফেরিন জানান, এই লড়াই বিশ্ব ফুটবলের ঐতিহ্য ও বৈশ্বিক আবেদন তুলে ধরবে।
গত আসরে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও বিশ্বকাপের কয়েক মাস আগে এই ম্যাচকে দুই দলের শক্তি যাচাইয়ের বড় মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।


