ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র অবশেষে তার হাঁটুর চোটের অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ২০২৫ মৌসুমের শেষের দিকে মিরাসোলের বিপক্ষের ম্যাচে মিডিয়াল মেনিস্কাস চোট পেয়েছিলেন তিনি।
চোট নিয়েও সান্তোস ক্লাবকে অবনমন থেকে রক্ষা করার জন্য তিনি খেলেছেন। এবং ক্লাবকে অবনমন থেকে রক্ষা করে নিজের চিকিৎসা শুরু করেন।
সান্তোস ক্লাবের বিজ্ঞপ্তিতে জানা গেছে, নেইমারের অস্ত্রোপচার সোমবার মাটার ডেই নব লিমা হাসপাতালে ড. রড্রিগো লাসমার এবং তার মেডিকেল টিম দ্বারা সম্পন্ন হয়। আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে এই চিকিৎসা করা হয়েছে এবং অস্ত্রোপচার সফল হয়েছে।
আরও জানা গেছে, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি।
নেইমার সম্ভবত জানুয়ারির শুরুতে ক্লাবের ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন না। তার পুনর্বাসন প্রায় এক মাস সময় ধরে চলবে। যার ফলে তিনি ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ অনুশীলন ও খেলার জন্য প্রস্তুত হতে পারেন।
ব্রাজিলের শীর্ষ লিগ সিরি-এতে সান্তোস ১২তম স্থানে শেষ করেছে চলতি বছর। এবং কোপা সুদামেরিকানা খেলার যোগ্যতা অর্জন করেছে।


