মালদ্বীপ ফুটবল সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী জুনে চার জাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মালদ্বীপ ফুটবল ফেডারেশন। এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইতোমধ্যে শ্রীলঙ্কা নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে আমন্ত্রণপত্র পেলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ফিফা উইন্ডোর মধ্যে। ফলে এই সময় ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য থাকবে। সে কারণে ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকেও পাওয়া যেতে পারে। এতে করে মালদ্বীপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা অনেকটাই বেড়েছে।
আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এর আগে ১ থেকে ৯ জুন পর্যন্ত থাকবে ফিফা উইন্ডো। এই সময়ের মধ্যেই চার জাতি টুর্নামেন্টটি আয়োজন করতে চায় মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন।
১৯৫০ সালে মালদ্বীপ ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠিত হয়। এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে বিশেষ এক ফুটবল উৎসবের আয়োজন করা হয়।
সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। উল্লেখ্য, মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তির টুর্নামেন্টেও বাংলাদেশ অংশ নিয়েছিল।
এদিকে এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।


