ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২০২৬ বিশ্বকাপ নিয়ে আশাবাদী নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০২:৩৭ পিএম
নেইমার জুনিয়র ও কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সময় যত এগিয়ে আসছে, ততই আলোচনায় ফিরছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সাম্প্রতিক সময়টা ইনজুরি ও অনিয়মিত খেলায় ভরা হলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো ছাড়েননি তিনি; বরং সব বাধা পেরিয়ে আবারও ব্রাজিলকে শিরোপা জেতাতে চান এই ফরোয়ার্ড।

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলা নেইমার জানেন, সময় তার পক্ষে নেই। বয়স, চোট ও ফিটনেস—সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। 

তবু তার কথায় হতাশার ছাপ নেই; বরং আত্মবিশ্বাসের সুরেই তিনি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে খেলার পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্যও রয়েছে তার।

সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত একটি টুর্নামেন্ট শেষে নেইমার বলেন, আমরা ২০২৬ সালের যাত্রা ভালোভাবেই শুরু করেছি। এখন জুন ও জুলাই মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈশ্বর চাইলে সব ঠিক থাকবে, ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে।

নেইমারের সামনে সবচেয়ে বড় বাধা শুধু ফিটনেস নয়, বরং জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করা। ২০২৩ সালের পর থেকে ব্রাজিল জাতীয় দলে আর খেলা হয়নি নেইমারের। আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, পুরোপুরি ফিট ও ধারাবাহিক খেলোয়াড়দেরই বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে।

এ অবস্থায় সান্তোসের জার্সিতে প্রতিটি ম্যাচই নেইমারের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত ভালো পারফরম্যান্সের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে—তিনি এখনো বড় মঞ্চের জন্য প্রস্তুত।

আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদের সম্পর্ক

এদিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব সামলানোর পাশাপাশি কার্লো আনচেলত্তি সম্প্রতি গিয়েছিলেন স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে। সেখানে তিনি রিয়াল মাদ্রিদের লা লিগা ম্যাচে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটির প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন তিনি। 

৩৪ বছর বয়সী নেইমার ভালো করেই জানেন, বিশ্বকাপে খেলার সুযোগ হয়তো আর বেশি আসবে না। তবুও বিশ্বাস, আত্মবিশ্বাস আর জয়ের ক্ষুধা তাকে এগিয়ে নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের শেষ বড় সুযোগ।