ফুটবলে তারা অবহেলিত। কোচ পিটার বাটলারের কাছে জাতীয় দলের দরজা তাদের জন্য বন্ধ। সেই সাবিনা খাতুনদের হাত ধরে এবার সাফ ফুটসালে শিরোপা জিতল বাংলাদেশ। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন।
সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনারা। হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের।
বাংলাদেশ টুর্নামেন্টের শুরুটা করেছিল ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে। এরপর অবশ্য ভুটানের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে খানিকটা বিপদে পড়ে গিয়েছিল দলটা।
তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ ও পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে মালদ্বীপের মুখোমুখি হয়। নিজেদের শেষ ম্যাচে দলটা তুলে নেয় ১২ গোলের ব্যবধানে বিশাল এক জয়। ইতিহাস গড়া হয়ে যায় তাতেই।
সাত দলের টুর্নামেন্টে ছয় ম্যাচ শেষে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করল বাংলাদেশ। সাফের বাইলজ অনুযায়ী, সর্বোচ্চ পয়েন্টধারী দলের হাতে তুলে দেওয়া হবে শিরোপা।


