ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপের আগে নেইমারকে নিয়ে বড় সুখবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩১ পিএম
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলের মহাতারকা নেইমার জুনিয়রকে নিয়ে বড় সুসংবাদ দিলেন সান্তোস এফসির প্রেসিডেন্ট মার্সেলো তেইক্সেরা। গত মৌসুমে ক্লাবের ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়া এই ফরোয়ার্ডের সফল অস্ত্রোপচার শেষে এখন ফেরার অপেক্ষায় ফুটবল বিশ্ব। 

২০২৬ বিশ্বকাপের মাস কয়েক আগে নেইমারের এই ইনজুরি আপডেট ব্রাজিল ভক্তদের মনে একই সাথে স্বস্তি ও রোমাঞ্চ জাগিয়ে তুলেছে।

২০২৫ মৌসুমে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করতে নিজের শরীরের ওপর দিয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন ৩৩ বছর বয়সী নেইমার। সেই সমস্যার স্থায়ী সমাধানে গত মাসে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। 

ক্লাব প্রেসিডেন্ট তেইক্সেরা জানিয়েছেন, অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং নেইমার বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

কবে নাগাদ মাঠে ফিরবেন নেইমার?

সাঁও পাওলোর বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তেইক্সেরা বেশ সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি জানান, নেইমারের ফেরার জন্য এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করেনি ক্লাব কর্তৃপক্ষ। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে নেইমারের মূল রিকভারি বা পুনর্বাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

তেইক্সেরা আরও জানান, আমরা নিবিড়ভাবে ওকে পর্যবেক্ষণ করছি। কোনো নির্দিষ্ট তারিখ না থাকলেও আমি বিশ্বাস করি খুব শীঘ্রই সে ফিরবে। আমরা তাকে দ্রুত ফেরানোর চেয়ে সঠিক সময়ে ফেরানোকে গুরুত্ব দিচ্ছি।

এদিকে, ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে নেইমারের এখন প্রধান লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে কার্লো আনচেলত্তির সম্ভাব্য উপস্থিতির মধ্যে নেইমার নিজের ফিটনেস প্রমাণ করতে মরিয়া। 

গত মৌসুমে সান্তোসের হয়ে ৩০ ম্যাচে ১২টি গোল এবং ৬টি অ্যাসিস্ট করা নেইমার দেখিয়ে দিয়েছেন, চোটমুক্ত থাকলে তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা।