ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপের ঐতিহাসিক জার্সি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৬, ১১:৩২ পিএম
ছবি : সংগৃহীত

১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ব্রাজিল কিংবদন্তি পেলের ঐতিহাসিক নীল জার্সিটি নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী স্মারকগুলোর একটি হয়ে উঠতে পারে।

মাত্র ১৭ বছর বয়সে সুইডেনের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে ৫-২ ব্যবধানে জয় এনে দেন পেলে। সেই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল।

নিউইয়র্কে আগামী মাসে সোথেবিসে আয়োজিত নিলামে জার্সিটির দাম ৬ মিলিয়ন ডলারের বেশি উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকার কাছাকাছি।

এর আগে একক ফুটবল স্মারক হিসেবে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচের জার্সি, যা ২০২২ সালে ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়। এছাড়া লিওনেল মেসির ২০২২ বিশ্বকাপে পরা ছয়টি জার্সির সংগ্রহ ২০২৩ সালে বিক্রি হয়েছিল ৭.৮ মিলিয়ন ডলারে।

নিলাম প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, প্রায় ৭০ বছর পুরোনো হলেও জার্সিটি এখনো দারুণ অবস্থায় রয়েছে এবং এর নীল রং ও হলুদ নম্বর অক্ষত আছে।

উল্লেখ্য, সেই বিশ্বকাপে চার ম্যাচে ছয় গোল করেছিলেন পেলে, আর এখনো তিনিই বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার।

ফাইনালের পর নিজের সতীর্থ দিদিকে জার্সিটি উপহার দেন পেলে। পরে এটি জাদুঘরে সংরক্ষিত ছিল। সর্বশেষ ২০০৪ সালে লন্ডনে এটি ৫৯ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল।