ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রিন্স থেকে জিনিয়াসের হাতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি : সংগৃহীত

ফুটবলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের এক সুন্দর স্মারক হিসেবে নেইমার পাঠিয়েছেন মেসি ও তার তিন ছেলে—থিয়াগো, মাতেও ও চিরোর জন্য বিশেষ ১০ নম্বর জার্সি। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর নিশ্চিত করেছে।

সান্তোসের পোস্টে লেখা হয়, নেইমার জুনিয়রের পক্ষ থেকে লিওনেল মেসির কাছে। প্রিন্স থেকে জিনিয়াসের উদ্দেশে। রাজার হাতে অমর হয়ে ওঠা সেই পবিত্র অমূল্য জার্সি। ১০ নম্বর মানে নেইমার, ১০ নম্বর মানে মেসি, ১০ নম্বর মানে পেলে। ফুটবলের ইতিহাসে এক চিরন্তন উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে শুভেচ্ছা, লিওনেল মেসি!

মেসি ও তার দুই ছেলে হাতে জার্সি নিয়ে ছবি তুলেছেন, যা দুজনের দীর্ঘ সময়ের বন্ধুত্বের প্রমাণ। ২০১৩ সালে নেইমার বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই মেসি-নেইমারের সম্পর্ক ও সখ্য চোখে পড়ার মতো। 

মাঠে একসঙ্গে আটটি শিরোপা জয় করেছেন তারা, যার মধ্যে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও কোপা দেল রের ঐতিহাসিক ‘ট্রেবল’ অন্যতম। এমএসএন ত্রয়ী—মেসি, সুয়ারেজ ও নেইমার—সেই সময় প্রতিপক্ষের জন্য এক আতঙ্ক ছিল।

যদিও ২০১৭ সালে নেইমার পিএসজিতে যোগ দিয়ে বার্সেলোনা ছেড়েছিলেন, বন্ধুত্বের বন্ধন কখনো দুর্বল হয়নি। ২০২১ সালে মেসি পিএসজিতে যোগ দিলে আবারও তারা একই ক্লাবে খেলা শুরু করেন। বর্তমানে মেসি ইন্টার মিয়ামিতে খেলছেন, আর নেইমার সৌদি আরবের আল হিলাল ও শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন